যশোরের মনিরামপুরে মুক্তেশ্বরী নদী থেকে বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল আসামি ও তাকে ভারত পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করেছে সিআইডি। সিআইডির কুইক রেসপন্স টিম সাতক্ষীরার কলারোয়া থানাধীন ভাদিয়ালী সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
সোমবার (৯ নভেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যশোরের মনিরামপুরের মহিষদিয়া মধ্যপাড়ার মিঠুন ধর (৩২) এবং সাতক্ষীরার কলারোয়া থানার দক্ষিণ ভাদিয়ালীর মো. হান্নান গাজী (৬৪)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ নভেম্বর মনিরামপুর থানার মহিষদিয়া হেলারের ঘাট ব্রিজের পাশে মুক্তেশ্বরী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে যশোর সিআইডির কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে গিয়ে ছায়াতদন্ত শুরু করে। পরে নিহতের স্বজন ও স্থানীয়দের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। নিহতের নাম রঞ্জন মণ্ডল (৬০)। তিনি যশোরের কেশবপুর থানার কালিচরণপুর এলাকার মৃত হরিপদ মণ্ডলের ছেলে।
প্রাথমিক তদন্তে জানা যায়,গত ৬ নভেম্বর দুপুর ১২টার পর রঞ্জন মণ্ডল কাটাখালী বাজারে স্থানীয় পল্লী চিকিৎসক মিঠুন ধরের চেম্বারে যান। ওই দিন বিকেল আনুমানিক ৪টার দিকে তাকে সর্বশেষ কাঁচারিবাড়ি বাজারে দেখা যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
সিআইডির প্রাথমিক তদন্তে মিঠুন ধরকে হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে শনাক্ত করা হয়। নিহতের স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী আত্মসাতের উদ্দেশ্যে মিঠুন তাকে ইনজেকশন পুশ করে হত্যা করেন বলে তদন্তে উঠে এসেছে। পরে মরদেহ বস্তায় ভরে মুক্তেশ্বরী নদীতে ফেলে দেন। এরপর হান্নান গাজীর সহায়তায় সাতক্ষীরার কলারোয়া থানার ভাদিয়ালী সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করেন তিনি।
এ অবস্থায় যশোর সিআইডির কুইক রেসপন্স টিম কলারোয়া থানা পুলিশের সহযোগিতায় ভাদিয়ালী গ্রামে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার মিঠুন ধরের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ি ও ঘটনাস্থলের আশপাশে অভিযান চালিয়ে নিহতের ব্যবহৃত স্বর্ণের চেইন, স্বর্ণের আংটি, স্মার্টফোন এবং মরদেহ বহনে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়া কাটাখালী বাজারে মিঠুনের দোকান থেকে নিহতকে ইনজেকশন দেওয়ার কাজে ব্যবহৃত খালি অ্যাম্পুল উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় রবিবার (৮ নভেম্বর) নিহতের ভাতিজা দেবাশীষ মণ্ডল (৩৮) বাদী হয়ে মনিরামপুর থানায় মামলা করেছেন। গ্রেপ্তার দুই আসামিকে একই দিন আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে সিআইডির তদন্ত অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









