সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার সিদ্ধান্ত সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন অঞ্চলে নতুন বিমানবন্দর স্থাপনের যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
আজ বুধবার (২০ মে) সকাল ৯টায় সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আফরোজা খানম বলেন, দেশ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যেসব বিমানবন্দরে যাত্রীসেবা ও বাণিজ্যিক সম্ভাবনা বেশি, সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে সৈয়দপুরের বিশেষ গুরুত্ব রয়েছে। পাশাপাশি এ অঞ্চল শিল্প ও বাণিজ্যে সমৃদ্ধ হওয়ায় সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
সৈয়দপুর বিমানবন্দরের সম্প্রসারণে জমি অধিগ্রহণ প্রসঙ্গে তিনি জানান, আসন্ন পবিত্র ঈদুল আজহার পর এ প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ সময় বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহিন আক্তার শাহিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, যুবদল আহ্বায়ক তারিক আজিজ, বিশিষ্ট ব্যবসায়ী হাজী জুবায়ের এবং তারিকুল ইসলাম তারিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে মন্ত্রী সড়কপথে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









