সিলেট টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। পুরো ম্যাচে ব্যাট ও গ্লাভস হাতে দুর্দান্ত পারফর্ম করে ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছেন লিটন দাস। অন্যদিকে দুই টেস্ট জুড়েই ধারাবাহিক ব্যাটিংয়ের স্বীকৃতিস্বরূপ সিরিজসেরা পুরস্কার উঠেছে মুশফিকুর রহিমের হাতে।
প্রথম টেস্টে রান না পাওয়া লিটন দাসের ওপর একটা অদৃশ্য চাপ ছিল। সিলেটের প্রথম ইনিংসে দল যখন মাত্র ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে, তখন ক্রিজে আসেন তিনি। এরপর লড়াই করে ১৫৯ বলে ১৬টি চার ও ২টি ছক্কায় খেলেন ১২৬ রানের ইনিংস। তার এই সেঞ্চুরিতেই ম্যাচে ফেরে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও দলের বিপর্যয়ে ৯২ বলে ৬৯ রানের আরেকটি ইনিংস খেলেন তিনি। দুই ইনিংস মিলিয়ে ব্যাট হাতে ১৯৫ রান করার পাশাপাশি উইকেটের পেছনে গ্লাভস হাতে ৪টি চমৎকার ক্যাচ নেন লিটন।
পুরস্কার নেওয়ার পর নিজের ইনিংসটি নিয়ে লিটন বলেন, ‘গত দুই ইনিংসে আমি রান পাইনি, তাই শুরুতে কোনো চাপ ছিল না। কিন্তু দ্রুত কিছু উইকেট পড়ে যাওয়ায় কিছুটা দ্বিধায় ছিলাম। অধিনায়ক আমাকে পজিটিভ ক্রিকেট খেলার পরামর্শ দেন এবং আমি নিজের শক্তির ওপর ভরসা রাখি।
মিরপুর টেস্টে ফিফটি করার পর সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৩৩ বলে ১৩৭ রানের রেকর্ড গড়া এক ইনিংস খেলেন মুশফিকুর রহিম। এই ইনিংসের পথেই তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।
পুরস্কার হাতে উচ্ছ্বসিত মুশফিক নিজের চেয়ে সতীর্থ লিটনের সেঞ্চুরিকেই এগিয়ে রাখলেন। তিনি বলেন, ‘এই পুরস্কার অনেক বড় প্রাপ্তি, তবে কৃতিত্ব পুরো দলের।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









