দীর্ঘ প্রতীক্ষার পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে উদযাপন হতে যাচ্ছে ময়মনসিংহের ত্রিশালে। আজ শনিবার থেকে শুরু হতে যাওয়া তিন দিনব্যাপী এই নজরুলজয়ন্তীর অনুষ্ঠানমালা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই আগমন ও উৎসবকে কেন্দ্র করে পুরো ত্রিশালে এখন সাজ সাজ রব ও সাজানো গোছানো পরিবেশ বিরাজ করছে।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ত্রিশালে পৌঁছে প্রথমে বৈলর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক খননকৃত ঐতিহাসিক ‘ধরার খাল’ পুনর্খনন কার্যক্রম উদ্বোধন করবেন। এরপর বিকেল সাড়ে ৫টার দিকে নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন তিনি।
২৩, ২৪ ও ২৫ মে—তিন দিনব্যাপী এই নজরুলজয়ন্তী উপলক্ষে ত্রিশালে অগণিত নজরুলভক্ত, দেশবরেণ্য কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, গবেষক ও রাজনৈতিক ব্যক্তিত্বের আগমন ঘটবে। উৎসবকে কেন্দ্র করে সরকারি নজরুল একাডেমির বিশাল মাঠে প্রতিবারের মতো এবারও বসেছে 'নজরুল গ্রামীণ মেলা' ও বইমেলা। মেলা পরিচালনা কর্তৃপক্ষ জানায়, ইতোমধ্যে মাঠে পাঁচ শতাধিক দোকানপাট বসেছে। এই প্রাণের উৎসব উপভোগ করতে দূরদূরান্ত থেকে আত্মীয়স্বজনরা এসে ভিড় জমিয়েছেন ত্রিশালের ঘরে ঘরে।
অনুষ্ঠানস্থল ঘুরে দেখা গেছে, প্রধানমন্ত্রীর আগমন ও নজরুলজয়ন্তী ঘিরে বিশাল প্যান্ডেল এবং নজরুল মঞ্চ দৃষ্টিনন্দনভাবে সাজানো হয়েছে। আশপাশের ভবন ও সড়কগুলোতে রংতুলির আঁচড়ে নান্দনিক রূপ দেওয়া হয়েছে।
স্থানীয় সংস্কৃতিকর্মীরা জানান, নজরুলজয়ন্তী এই অঞ্চলের মানুষের প্রাণের উৎসব। এবার জাতীয় পর্যায়ে এই আয়োজন হওয়ায় তারা অত্যন্ত উচ্ছ্বসিত। ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী জানান, প্রধানমন্ত্রীর আগমন ও সার্বিক অনুষ্ঠান ঘিরে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









