লালমনিরহাটের পাটগ্রামে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ-২০২৬ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। চলতি বোরো মৌসুমে উপজেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৯৩ মেট্রিক টন। এছাড়া উপজেলার ২৪ জন মিলারের কাছ থেকে ১৬৯০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে।
শনিবার (২৩ মে) উপজেলার পাটগ্রাম এলএসডিতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
পাটগ্রাম উপজেলা খাদ্য গুদামে ধান চাল সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ নাজমুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা নাসিম উল আক্তার, উপজেলা কৃষি অফিসার মোস্তফা হাসান ইমাম, এলএসডি অফিসার আবু মুসা,
উপজেলা বিএনপির সভাপতি সফিকার রহমান, পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল, পাটগ্রাম পৌর কৃষক দলের সভাপতি আনোয়ারুল ইসলাম রবিসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, সরকারি বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, এলএসডি অফিসার, বোরো ধান-চাল সংগ্রহের মিলার ও বোরো ধান চাষীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে এসময় ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, “অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন শুভ উদ্বোধনের মধ্য দিয়ে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এবং সরকারি খাদ্য গুদামে মানসম্মত ধান-চাল মজুত করতেই সরকারের এই সময়োপযোগী উদ্যোগ। সরাসরি কৃষকদের কাছ থেকে ধান-চাল সংগ্রহের ফলে প্রকৃত চাষিরা বিশেষভাবে উপকৃত হবেন। কৃষক বাঁচলে দেশ বাচবে। কৃষক তার কৃষি কার্ড থেকে ১০ ধরনের সুবিধা গ্রহণ করতে পারবে। চলতি মৌসুমে চালের চাহিদা তুলনামূলক কম। এটা বাড়ানো দরকার।”
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে অত্যন্ত স্বচ্ছতার সাথে উন্মুক্ত ও প্রকৃত কৃষকদের কাছ থেকে সরাসরি সরকার নির্ধারিত মূল্যে ২ টন করে ২৪৮ জন কৃষকের নিকট থেকে ধান সংগ্রহ করা হবে।
ধানের দাম প্রতি কেজি ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। চাল সংগ্রহের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ১৬৯০ মেট্রিক টন। চালের দাম প্রতি কেজি ৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









