ফরিদপুরের সদরপুর উপজেলার সাড়ে সাতরশি পশুর হাটে কোরবানির পশু ক্রয়-বিক্রয়ে সরকার নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অনিয়মের সত্যতা মেলায় হাটের ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৩ মে) বিকেল ৩টার দিকে উপজেলার সাড়ে সাতরশি পশুর হাটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন।
আদালত সূত্রে জানা যায়, কোরবানির এই পশুর হাটে ক্রেতা ও বিক্রেতাদের কাছ থেকে নির্ধারিত হারের চেয়ে বেশি টাকা আদায় করা হচ্ছে—এমন একাধিক সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রশাসন তাৎক্ষণিকভাবে অভিযানে নামেন। অভিযানে অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ মেলায় হাটের ইজারাদার মো. হায়দার মল্লিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।
অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন বলেন“কোরবানির পশুর হাটে কোনো ধরনের হয়রানি বা অতিরিক্ত অর্থ আদায় বরদাশত করা হবে না। পশুর হাটে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। নির্ধারিত হারের বেশি টাকা দাবি করা হলে ক্রেতা-বিক্রেতাদের দ্রুত প্রশাসনকে জানানোর অনুরোধ রইল।”
এদিকে পশুর হাটে প্রশাসনের এমন ঝটিকা অভিযানের পর ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। নিয়মিত এ ধরনের তদারকি অব্যাহত থাকলে হাটে অতিরিক্ত হাসিল আদায় ও অনিয়ম পুরোপুরি বন্ধ হবে বলে মনে করছেন স্থানীয়রা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









