বরিশালের বানারীপাড়ায় আকস্মিক কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে দুই জেলে নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় উপজেলার সন্ধ্যা নদীর চাখার ইউনিয়নের শেষপ্রান্তে মীরেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় দুই জেলে নৌকা নিয়ে সন্ধ্যা নদীতে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ করে কালবৈশাখী ঝড় শুরু হলে প্রচণ্ড বাতাস ও উত্তাল ঢেউয়ের মুখে পড়ে নৌকা দুটি ডুবে যায়। ঝড় থামার পর স্থানীয় বাসিন্দারা নদীতে ব্যাপক খোঁজাখুঁজি শুরু করেন। তল্লাশি চালিয়ে নদী থেকে জেলেদের ব্যবহৃত মাছ ধরার জাল উদ্ধার করা সম্ভব হলেও, নিখোঁজ দুই জেলে বা তাদের নৌকার কোনো সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ জানান, নিখোঁজ দুই জেলের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি চাখার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালামের চাচাতো ভাই মো. আউয়াল হোসেন। তবে নিখোঁজ অপর ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিখোঁজ জেলেদের উদ্ধারে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সমন্বয় করে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









