পিরোজপুরের নেছারাবাদে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। এ হৃদয়বিদারক ঘটনায় নিহতের পরিবারের পাশে দাঁড়িয়েছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
বুধবার (২৭ মে) প্রতিমন্ত্রীর নির্দেশে নেছারাবাদ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা নিহতের বাড়িতে যান এবং পরিবারের সার্বিক খোঁজখবর নেন। পরে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে পাঠানো আর্থিক সহায়তা নিহতের স্বামী নজরুল ইসলামের হাতে তুলে দেওয়া হয়।
জানা যায়, ঘটনার সময় রুমানা ইয়াসমিন রান্নার কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ করে শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে একটি বিশাল চাম্বল গাছ তাদের রান্নাঘরের ওপর ভেঙে পড়ে। এতে গাছচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের পরিবারে তিনটি ছোট ছেলে সন্তান রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক সভাপতি মো. শফিকুল ইসলাম ফরিদ, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাছির উদ্দীন তালুকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাইনুল হাসান, পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. জসিম বাহাদুর, সমুদয়কাঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন খান, ইঞ্জিনিয়ার মো. শহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয়দের দাবি, প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এ অঞ্চলে ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ ও দুর্যোগকালীন সচেতনতা বাড়ানো জরুরি। অন্যথায় এ ধরনের মর্মান্তিক ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের মেসন্ডা গ্রামে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে মারা যান তিনি। নিহত গৃহবধূ মোসা. রুমানা ইয়াসমিন বেগম (৪০) ওই গ্রামের দিনমজুর মো. নজরুল ইসলামের স্ত্রী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









