কালবৈশাখী ঝড়ে বরিশালের মেহেন্দিগঞ্জে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঝড়ের তীব্রতায় উপজেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি, গাছপালা ও বিদ্যুৎ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে অন্তত ১০টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। তবে এই কোনো প্রানহানির ঘটনা ঘটেনি।
বুধবার (২৭ মে) সকালে কালবৈশাখী ঝড়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার পৌরসভার চুনার গ্রামে হানিফ পোদ্দারের বাড়ির ওপর একটি বিশাল চাম্বল গাছ উপড়ে পড়ে। এতে ঘরের বারান্দাসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান ঘরে থাকা তিন সদস্য।
হানিফ পোদ্দারের স্ত্রী জানান, তীব্র বাতাসের মধ্যে হঠাৎ ভাঙচুরের শব্দ পাই। আমরা দ্রুত ঘর থেকে বাইরে বের হয়ে যাই। পরে দেখি বাড়ির পেছনে থাকা বিশাল চাম্বল গাছটি ঘরের ওপর উপড়ে পড়েছে।
শুধু হানিফ পোদ্দারের ঘরই নয়, কালিকাপুরের শান্ত ইসলাম সহ অনেকের ঘরই ক্ষতিগ্রস্থ হয়েছে গাছ উপরে পরে। এতে করে খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে বহু মানুষকে।
স্থানীয় বাসিন্দা আসাদুল ইসলাম বলেন, “মেহেন্দিগঞ্জ উপজেলার চারদিকে নদী। কুরবানীর ঈদের আগেরদিন এই দ্বীপ উপজেলাটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় মানুষ কষ্টে দিনযাপন করছে। চর অঞ্চলের মানুষগুলো দিশেহারা হয়ে পড়েছে। ঝড়ে অসহায় পরিবারগুলোর পাশে প্রশাসন ও বিত্তবানদের দাঁড়ানোর আহ্বান করছি।”
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মেহেন্দিগঞ্জ ফায়ার স্টেশনের ডিউটি ম্যান মো. মামুন বলেন, ‘‘মেহেন্দিগঞ্জে ব্যাপক ঝড় হয়েছে। ঝড়ে আমাদের ফায়ার স্টেশনের একটি আমগাছ ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। তবে উপজেলার কোথাও রাস্তাঘাট বন্ধ হয়েছে কি না, সে বিষয়ে আমাদের কেউ অবহিত করেননি।’’
বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোস্তাফিজুর রহমান বলেন, ‘‘ঝড়ে আমাদের অন্তত ১০টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। এছাড়াও গাছ পড়ে তার ও খুঁটির ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা সকাল থেকেই কাজ করছি। আজ মেইন লাইন ঠিক করতে পারলে হয়তো আগামীকাল কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা যাবে।’’
তিনি আরও বলেন, ‘‘ভেঙে পড়া বৈদ্যুতিক খুঁটি অপসারণে সময় বেশি লাগছে। তাই বিদ্যুৎ পেতে গ্রাহকদের ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









