আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি হওয়া অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে শেষ পর্যন্ত কোরবানি দেওয়া হচ্ছে না।
বুধবার (২৭ মে) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশে কেরাণীগঞ্জের ক্রেতাকে মূল্য ফেরত দিয়ে মহিষটি নারায়ণগঞ্জের খামারে ফেরত নেওয়া হচ্ছে। আপাতত সেখানেই মহিষটি লালন-পালন করা হবে।
এর আগে, অ্যালবিনো জাতের এ মহিষটির গায়ের রঙ, চুল ও চোখ দেখতে অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায়, নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় রাবেয়া এগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’।
ভিন্নধর্মী ও অদ্ভুত এই নামের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে মহিষটির ছবি ও ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। মহিষটিকে দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন শত শত উৎসুক মানুষ রাবেয়া এগ্রো ফার্মে ভিড় জমাচ্ছিলেন।
তবে, ভাইরাল হওয়ার আগেই ৭০০ কেজি ওজনের এই অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে ৫৫০ টাকা কেজি দরে কিনেছিলেন রাজধানীর জিনজিরা এলাকার ক্রেতা সামির।
গত সোমবার (২৫ মে) সন্ধ্যায় মহিষটিকে ক্রেতার বাড়িতে পাঠানোর সময় খামারে আয়োজন করা হয়েছিল এক রাজকীয় বিদায় সংবর্ধনার। লাল গালিচা বিছিয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘ডোনাল্ড ট্রাম্প’কে বিদায় জানানো হয়েছিল, যা নেটিজেনদের মাঝে দারুণ আলোড়ন সৃষ্টি করে।
এদিকে, শুধু বাংলাদেশেই নয়, এই অ্যালবিনো মহিষটিকে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তৈরি হয় তুমুল আগ্রহ। দেশের মূলধারার পত্রিকা ও টেলিভিশনে সংবাদ প্রকাশের পর বিষয়টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর নজর কাড়ে। ফরাসি বার্তা সংস্থা এএফপি থেকে শুরু করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সসহ বিশ্বের শীর্ষস্থানীয় প্রায় সব আন্তর্জাতিক গণমাধ্যমে জায়গা করে নেয় বাংলাদেশের এই ‘ডোনাল্ড ট্রাম্প’।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









