বাংলাদেশ সিরিজে ব্যাট হাতে হতাশাজনক পারফরম্যান্সের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে পাকিস্তান দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ রিজওয়ান।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে রিজওয়ান করেন মাত্র ৫৪ রান, গড় ছিল ১৯.৩৩। এই ব্যর্থতার পরই পাকিস্তান টিম ম্যানেজমেন্ট নতুন কম্বিনেশন ও তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। তার জায়গায় দলে নেওয়া হয়েছে উইকেটকিপার-ব্যাটার রোহাইল নাজিরকে।
রিজওয়ানের বাদ পড়া নিয়ে পাকিস্তানজুড়ে শুরু হয় তুমুল আলোচনা। অনেকের মতে, বাংলাদেশ সিরিজেই তার বিদায় ঘণ্টা বেজে গিয়েছিল। বিশেষ করে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তান এখন ভবিষ্যৎ পরিকল্পনায় বেশি গুরুত্ব দিচ্ছে।
এ প্রসঙ্গে হেসন বলেন, “১৮ মাস পর বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তাই আমাদের দেখতে হবে কোন খেলোয়াড় ও কোন কম্বিনেশন দলকে সবচেয়ে ভালো ভারসাম্য দিতে পারে। এটি নির্বাচক প্যানেলের যৌথ সিদ্ধান্ত ছিল।’’
রিজওয়ানের অধিনায়কত্ব হারানোর বিষয়েও মুখ খোলেন পাকিস্তান কোচ, “ওয়েস্ট ইন্ডিজ সিরিজে রিজওয়ান অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু ১২ মাসে দল মাত্র দুটি ম্যাচ জিতেছিল। ফলে আমরা মনে করেছি নেতৃত্বে পরিবর্তন আনা প্রয়োজন।”
“আমরা শুধু ব্যক্তিগত পারফরম্যান্স নয়, পুরো দলের সাফল্যকেও গুরুত্ব দিই। সেই বিবেচনাতেই অধিনায়কত্বে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” – যোগ করেন হেসন।
এছাড়া হেসন স্মরণ করিয়ে দেন, তিনি কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই রিজওয়ান টি-টোয়েন্টি দলের পরিকল্পনার বাইরে চলে গিয়েছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









