নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মস্তুল ও ডেলনা এলাকায় একটি মৎস্য খামার থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। দাবি করা চাঁদা না পেয়ে খামারের মালিককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ব্যবসায়ী জহিরুল ইসলাম কাউসার।
ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, মস্তুল ও ডেলনা এলাকায় পৈত্রিক সম্পত্তির ওপর দীর্ঘদিন ধরে তিনি ‘সবুজ বাংলা মৎস্য খামার’ পরিচালনা করে আসছেন। কয়েক মাস আগে স্থানীয় লাইছ উদ্দিনের ছেলে রাকিব ও দুলাল খামার পরিচালনার নামে তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা লোকজন নিয়ে খামারে এসে জোরপূর্বক মাছ ধরে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।
কাউসারের দাবি, ওই ঘটনার পর থেকে অভিযুক্তরা খামারের স্বাভাবিক কার্যক্রমে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করে আসছে। পাশাপাশি খামারের কর্মচারীদের মারধর এবং ভয়ভীতি প্রদর্শনের ঘটনাও ঘটেছে। এমনকি খামারে প্রবেশ করলে তাকে হত্যা করে মরদেহ খামারের পানিতে ডুবিয়ে রাখার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত রাকিব তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন। মুঠোফোনে তিনি বলেন, আমাদের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমরা কারও কাছে চাঁদা দাবি করিনি, কাউকে হুমকিও দিইনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









