বরিশালের আগৈলঝাড়ায় মাছের ঘেরে কাজ করার সময় বজ্রপাতে তানভীর খান (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানভীর খান ওই গ্রামের ওয়াসিম খানের ছেলে। তিনি চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়ির পাশের একটি মাছের ঘেরে কাজ করছিলেন তানভীর। দুপুর ১২টার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতের আঘাতে তিনি গুরুতর আহত হন।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত তানভীরকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শাহানাজ পারভীন সেতু বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, তানভীর খানের আকস্মিক মৃত্যুতে তার পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একজন সম্ভাবনাময় তরুণের এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের আবহ বিরাজ করছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









