পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাগর মোহনায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে ৫টি ট্রলারের মালিককে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অভিযান চালিয়ে প্রায় ৬০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়।
শনিবার (৬ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর করতে রাঙ্গাবালী সাগর মোহনায় বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য দপ্তর। পরে জব্দকৃত মাছ স্থানীয় বিভিন্ন এতিমখানার মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
জানা গেছে, সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ ও মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গত ১৫ এপ্রিল থেকে আগামী ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিনের জন্য সমুদ্রে সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। অভিযানের সময় নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ ধরার পাশাপাশি প্রয়োজনীয় অনুমতিপত্র ছাড়াই সামুদ্রিক নৌযান পরিচালনার অভিযোগে ৫টি ট্রলারের মালিককে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় আনুমানিক ৬০ কেজি পোয়া, ঢেলা, চৌক্কা ও তুলার ডান্ডি মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছের বাজারমূল্য প্রায় ১৮ হাজার টাকা বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পরে মাছগুলো গহিনখালী লঞ্চঘাটে নিয়ে স্থানীয় বিভিন্ন এতিমখানার মধ্যে বিতরণ করা হয়।
অভিযানে উপজেলা মৎস্য দপ্তরকে সহযোগিতা করে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি আউটপোস্ট রাঙ্গাবালী।
জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন, ‘‘সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং প্রজনন মৌসুমে মাছের নিরাপদ বিচরণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









