দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ মাদক ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ১৬ মাদক কারবারিকে আটক করেছে। একই সাথে রেজিস্ট্রেশনবিহীন ১৬টি মোটরসাইকেল জব্দ করে মামলা দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, সীমান্তবর্তী বিরামপুর উপজেলায় মাদকের আগ্রাসন নিয়ন্ত্রণের জন্য গত ১ জুন থেকে বিশেষ অভিযান শুরু করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে পুলিশ নারীসহ ১৬ জন মাদক কারবারিকে ট্যাপেন্টাডল ট্যাবলেট, ইয়াবা ও গাঁজাসহ আটক করে। পরে তাদের বিরুদ্ধে ১০টি মামলা দিয়ে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়।
এরই ধারাবাহিকতায় শনিবার (৬ জুন) দিবাগত রাতে বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন এবং থানার ওসি সাইফুল ইসলাম সরকারের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক রাতেই দুই নারীসহ পাঁচ মাদক কারবারিকে মাদকসহ আটক করা হয়। আটককৃতরা হলেন— নার্গিছ বানু, নূর বানু, রায়হান কবির, এআর আরাফাত ও রাসেল ইসলাম। একই সাথে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য সড়ক ও মহাসড়কে অভিযান চালিয়ে ১৬টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক করে মামলা দেওয়া হয়েছে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তবর্তী বিরামপুর উপজেলা থেকে মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের এই বিশেষ অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









