পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ওয়াহিদুজ্জামান ওয়াহিদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১৩ জুন) সন্ধ্যায় ভারতের চেন্নাই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে তিনি থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিলেন।
ওয়াহিদুজ্জামান ওয়াহিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ছোট ভাই শাহিনুজ্জামান শাহিন জানান, ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আগামী দু-একদিনের মধ্যেই তার মরদেহ দেশে এসে পৌঁছাবে।
জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং উন্নত চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওয়াহিদুজ্জামান ওয়াহিদ নেছারাবাদ উপজেলা বিএনপির রাজনীতিতে একজন পরিচিত মুখ। তিনি দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন এবং উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রাখেন। এর আগে তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যুতে নেছারাবাদসহ পুরো পিরোজপুর জেলায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









