ভোলার বোরহানউদ্দিন উপজেলায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আলী (৫৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দালাল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের দক্ষিণ রতনপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সিবাড়ি এলাকার বাসিন্দা। তিনি মৃত আব্দুর রাজ্জাক মুন্সির ছেলে।
নিহতের ভাতিজা খোকন জানান, মোহাম্মদ আলী যাত্রী নিয়ে চরফ্যাশন থেকে ভোলার দিকে আসছিলেন। পথে দালাল বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তার গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে কয়েকজনকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্যদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে নিহতের মরদেহ উদ্ধার করা হয় এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাব আলী দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









