সিলেট নগরের সুইপার কলোনি এলাকায় হৃদয় হরিজন (৩৩) হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে কোতোয়ালি মডেল থানা-পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার এক প্রেসনোটে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ইমন আহমেদ (২৬), রুমান আহমেদ সাজ্জাদ (২৫) ও পারভেজ (২২)।
পুলিশের তথ্য অনুযায়ী, ১১ অক্টোবর রাত আটটার দিকে সুইপার কলোনি এলাকায় হৃদয়কে ছুরিকাঘাত করা হয়। ইমন আহমেদ হৃদয়ের স্ত্রীর ভিডিও ধারণ করছিলেন। এতে বাধা দিলে তার সঙ্গে হৃদয়ের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ইমনসহ অন্য আসামিরা হৃদয়ের পেটে ধারালো চাকু দিয়ে আঘাত করেন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হৃদয়ের পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি থানায় হত্যা মামলা করা হয়।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মামলার আরেক আসামি মো. আমিন আহমেদ পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









