শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদ্যাপন উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে আইনশৃঙ্খলা-সংক্রান্ত আলোচনা সভা করেছে মডেল থানা-পুলিশ। পূজার আগে, চলাকালে এবং প্রতিমা বিসর্জন ও পূজা-পরবর্তী সময়ে নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে পার্বতীপুর মডেল থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. ওয়াদুদ। এতে পূজা উদ্যাপন কমিটির নেতাসহ উপজেলার ১৫০টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, সাংবাদিক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিয়ে আলোচনা হয়। পার্বতীপুর মডেল থানার উপপরিদর্শক পিন্টু চন্দ্র দাস বলেন, উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভায় ১৫০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। দর্শনার্থীদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পুলিশের পাশাপাশি সাদাপোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
পার্বতীপুর-ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নব কুমার বিশ্বাস বলেন, দুর্গাপূজা নির্বিঘ্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ তৎপর থাকবে।
পার্বতীপুর পূজা উদ্যাপন কমিটির সভাপতি কৈলাশ প্রসাদ সোনার বলেন, পূজামণ্ডপের নিরাপত্তায় উপজেলা প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে। কমিটির সাধারণ সম্পাদক দীপেশ চন্দ্র সিংহ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসব উদ্যাপনে সবার দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









