গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে ময়লার স্তূপ থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১২ জুন) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ এলাকায় আবিদ ডাইং কারখানার সামনে মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় এক পথচারী ময়লার স্তূপে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে দ্রুত শ্রীপুর থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। তার পরনে ছিল সাদা রঙের টি-শার্ট ও প্যান্ট। তবে সংবাদ লেখা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এটি কোনো হত্যাকাণ্ডের ঘটনা কি না, সেটিও গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। একই সঙ্গে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









