সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পর্যায়ের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের অংশ গ্রহণে স্টার্টআপ, বিজ্ঞান প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া শোকিসিং কর্মসূচির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১২জুন) সকালে নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম এসইডিপির আয়োজনে এই কর্মসূচিতে শিক্ষার্থীরা নিজেদের মেধা, গবেষণামূলক চিন্তা ও সৃজনশীল উদ্ভাবন তুলে ধরার সুযোগ পান।
প্রতিযোগিতার সেরা শিক্ষক, শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের এমপি জি এম নজরুল ইসলাম।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপাধ্যক্ষ নাজিম উদ্দীন, জেলা বিএনপির সদস্য মাস্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জি এম সোলায়মান কবীর।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারত।
এ সময় আরও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সামিউল আযম মনির, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, অধ্যক্ষ আজিয়ার রহমান, প্রধান শিক্ষক হারুনর রশিদ, প্রভাষক রাফজান জানি, শিক্ষক রনজিৎ কুমার বর্মনসহ প্রমুখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে স্টার্টআপ বিজ্ঞান প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া শোকেসিং কর্মসূচির প্রতিযোগিতায় উপজেলার মোট ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উদ্ভাবনকৃত প্রজেক্ট উপস্থাপন করেন।
প্রতিযোগিতায় প্রথম নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, ২য় ভূরুলিয়া সিরাজপুর স্কুল অ্যান্ড কলেজ ও তৃতীয় বনশ্রী শিক্ষা নিকেতন প্রতিষ্ঠান পুরস্কার গ্রহণ করেন।
উপস্থাপনকৃত প্রজেক্টের মধ্যে ছিল বর্জ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদন, বায়ু দূষণ বিশুদ্ধকরণ, লবণ পানি শোধন করে মিষ্টি পানি তৈরি, স্মর্ট কৃষি প্রযুক্তিসহ অন্যান্য প্রজেক্ট।
মেলায় অংশগ্রহণকারি শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ বলেন, এ ধরনের মেলা শিক্ষার্থীদের বিজ্ঞানমনষ্ক করে গড়ে তুলতে সাহায্যে করবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









