ভারতের সীমান্তে কথিত অবৈধ পুশইনের প্রতিবাদে হবিগঞ্জের মাধবপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।
শুক্রবার (১২ জুন) সকালে মাধবপুর উপজেলা পরিষদের সামনে ওভারপাসের নিচে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের নেতাকর্মীরা অংশ নেন।
মাধবপুর উপজেলা জামায়াতের আমির আলাউদ্দিন ভূইয়ার নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা নায়েবে আমির মাওলানা আবুল হাসিম, উপজেলা সেক্রেটারি মোস্তফা কামাল, পৌর সভাপতি আব্দুর রহমান সোহাগ, উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুল হাফিজসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করে বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, সীমান্ত এলাকায় নিয়মিতভাবে অবৈধ পুশইনের মাধ্যমে বাংলাদেশে লোকজন পাঠানোর চেষ্টা করছে, যা দুই দেশের পারস্পরিক সম্পর্কের জন্য অশনি সংকেত।
তারা বলেন, এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও প্রতিবেশীসুলভ সম্পর্কের পরিপন্থী।
বক্তারা আরও বলেন, সীমান্তে একতরফা আচরণ এবং আধিপত্যবাদী মনোভাব বন্ধ না হলে তা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তারা সরকারের প্রতি কূটনৈতিকভাবে বিষয়টি জোরালোভাবে উত্থাপনের আহ্বান জানান এবং সীমান্তে দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সীমান্তে পুশইন বন্ধ, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের পারস্পরিক সম্মান বজায় রাখার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচিতে উপস্থিত নেতারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না। প্রায় এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









