গাজীপুরের শ্রীপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের ঝটিকা মিছিল ও সংক্ষিপ্ত পথসভার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১২ জুন) সকালে উপজেলার পৌর এলাকার আশপাড়া মোড় এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে দাবি করেছেন আয়োজকরা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্যমতে, কর্মসূচিতে নেতৃত্ব দেন কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গাজীপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজীব। এতে প্রায় দুই শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন বলে স্থানীয়দের দাবি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ৩৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, আশপাড়া মোড় এলাকা থেকে একটি মিছিল শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে অগ্রসর হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। কয়েকজনের হাতে ‘কাম ব্যাক শেখ হাসিনা’ লেখা প্ল্যাকার্ডও ছিল।
ভিডিওটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করে ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজীব লিখেছেন, “জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে মিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয়েছে। শেখ হাসিনা আসছে, সারা বাংলা কাঁপছে।”
পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “এই কর্মসূচির কারণে যদি আমাদের গ্রেপ্তার হতে হয় বা কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তবুও আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ থেকে সরে আসব না। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রত্যয় থেকেও পিছপা হব না।”
তবে কর্মসূচির সুনির্দিষ্ট স্থান নিয়ে স্থানীয়দের মধ্যে ভিন্নমত দেখা গেছে। কেউ দাবি করেছেন, গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। আবার কেউ বলেছেন, আশপাড়া মোড়ের লাকি কম্পিউটার টিকিট কাউন্টারের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন, “ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওসহ সার্বিক বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।”
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কর্মসূচি শেষ হওয়ার পর অংশগ্রহণকারীরা দ্রুত এলাকা ত্যাগ করেন। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ এবং অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









