দীর্ঘদিন ধরে কার্যক্রমে স্থবির হয়ে থাকা বরিশাল হার্ট ফাউন্ডেশনকে নতুন করে সক্রিয় ও জনমুখী প্রতিষ্ঠানে রূপ দিতে ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীনকে এবং সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নেতা আজিজ রহিম।
নতুন কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল হক আক্কাস, সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, বিএনপি নেতা আলতাফ মাহমুদ সিকদার, বেগম ফয়জুন নাহার শেলী, আমিনুর রহমান চৌধুরী মামুন, সাদিকুর রহমান লিংকন, জি এম আতায়ে রাব্বি এবং মিজানুর রহমান চুন্নু।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন কমিটির মূল লক্ষ্য হবে বরিশাল হার্ট ফাউন্ডেশনের অবকাঠামো, চিকিৎসা কার্যক্রম ও সেবার মান পুনর্গঠন করে এটিকে দক্ষিণাঞ্চলের হৃদরোগ চিকিৎসার একটি কার্যকর কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা।
নবগঠিত কমিটির সদস্য ও ছাত্রনেতা জি এম আতায়ে রাব্বি জানান, বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীনের নেতৃত্বে হার্ট ফাউন্ডেশনকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। হৃদরোগীদের জন্য আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে নতুন কমিটি আন্তরিকভাবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এক সময় বরিশালসহ দক্ষিণাঞ্চলের হৃদরোগীদের চিকিৎসার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত ছিল বরিশাল হার্ট ফাউন্ডেশন। নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের নিউ সার্কুলার রোড এলাকায় ২০০২ সালে প্রতিষ্ঠানটি নির্মিত হয়। পরে ২০০৬ সালের ১৭ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
তবে সময়ের ব্যবধানে প্রতিষ্ঠানটির চিকিৎসা কার্যক্রম অনেকটাই সীমিত হয়ে পড়ে। কয়েক বছর নিয়মিত হৃদরোগ চিকিৎসাসেবা প্রদান করা হলেও বর্তমানে মাঝে মধ্যে টিকাদান কর্মসূচি ছাড়া হৃদরোগ সংক্রান্ত উল্লেখযোগ্য কোনো চিকিৎসাসেবা সেখানে পরিচালিত হচ্ছে না বলে জানা গেছে।
নতুন কমিটি গঠনের মাধ্যমে প্রতিষ্ঠানটির হারানো গৌরব ফিরিয়ে আনা এবং বরিশাল অঞ্চলের হৃদরোগীদের জন্য আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে নতুন আশার সঞ্চার হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্বাস্থ্যসেবামুখী কার্যক্রম দ্রুত চালু করে হার্ট ফাউন্ডেশনকে আবারও একটি পূর্ণাঙ্গ বিশেষায়িত চিকিৎসা কেন্দ্রে পরিণত করার প্রত্যাশা স্থানীয়দের।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









