মায়ের নিথর দেহ আর পলাতক বাবা—এভাবেই এক মুহূর্তে বদলে গেছে তিনটি শিশুর জীবন। গোপালগঞ্জের কোটালীপাড়ায় যৌতুকের দাবিকে কেন্দ্র করে শিল্পি বেগম (৩৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ইকবাল সিকদারের বিরুদ্ধে।
সোমবার (১৫ জুন) উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের বুরুয়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত শিল্পি বেগমের ভাই ছারোয়ার কাজীর অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিসহ নানা অজুহাতে তার বোনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন স্বামী ইকবাল সিকদার। পরিবারের সদস্যদের ভাষ্য, দীর্ঘদিন ধরেই নির্যাতনের শিকার ছিলেন শিল্পি বেগম।
অভিযোগ রয়েছে, গত রবিবার রাতে শিল্পি বেগমকে পুনরায় অমানুষিক নির্যাতন ও বেদম মারধর করা হয়। মারধরের একপর্যায়ে তার মৃত্যু হলে অভিযুক্ত স্বামী লাশটি গোয়াল ঘরে ফেলে রেখে পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ইকবাল সিকদার পলাতক রয়েছেন। তবে জিজ্ঞাসাবাদের জন্য তার বড় ভাই জাকির সিকদারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
শিল্পি বেগম ছিলেন তিন সন্তানের জননী। তার আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মা হারিয়ে দুই মেয়ে ও এক ছেলে সন্তান এখন দিশেহারা হয়ে পড়েছে। শিশুদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বজন ও প্রতিবেশীরা।
এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, ‘‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’’
এলাকাবাসীর দাবি, যৌতুকের মতো সামাজিক ব্যাধির কারণে আর কোনো পরিবার যেন এভাবে ধ্বংসের মুখে না পড়ে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









