সাতক্ষীরায় ৩৩ লক্ষ টাকা মূল্যের ফেন্সিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় ঔষধ জব্দ করেছে কোস্ট গার্ড।
সোমবার (১৫ জুন) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, ‘‘বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরার শ্যামনগর থানাধীন বড় হোগলডোরা খাল সংলগ্ন এলাকায় রবিবার (১৪ জুন) দিবাগত রাতে কোস্ট গার্ড গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৩৩ লক্ষ ১৯ হাজার টাকা মূল্যের ১ হাজার ৩১৯ বোতল ফেন্সিডিল এবং অবৈধ ভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করা হয়।’’
তিনি আরও বলেন, ‘‘জব্দকৃত ফেন্সিডিল ও ঔষধের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









