সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী রবিউল আলম বলেছেন, আগামী আগস্ট মাসের মধ্যেই ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালু হবে। একই সাথে পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে মালিক-শ্রমিকদের সাথে নিয়ে সমন্বিত উদ্যোগে আন্তর্জাতিক মানের ‘মাল্টি-মোডাল’ যোগাযোগ ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন তিনি।
শনিবার (২০ জুন) দুপুরে পাবনা সার্কিট হাউজ মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও সুধী সমাজের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগ নিয়ে মন্ত্রী জানান, এই রুটের লোকোমোটিভ বা ইঞ্জিন ইতোমধ্যে প্রস্তুত রয়েছে। আগামী মাসে কোচ বা বগি এলেই আগস্টের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে সরাসরি ট্রেন চালু হবে। এছাড়া ঢাকার সাথে সহজ যোগাযোগের জন্য আরিচা-খাসচর সড়ক প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি ও ডিপিপি প্রণয়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রী আরও জানান, পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফেরাতে কোনো বিশেষ শ্রেণিকে লালন করা হবে না। মালিক ও শ্রমিকদের প্রতিপক্ষ না বানিয়ে, সবাইকে সাথে নিয়ে জনস্বার্থ ও জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে কাজ করবে সরকার। খুব দ্রুতই দেশে আন্তর্জাতিক মানের ‘মাল্টি-মোডাল’ যোগাযোগ ব্যবস্থা দৃশ্যমান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, ‘‘ইতোমধ্যেই নীতিগত বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছি। বাস্তবায়ন করার জন্য প্রক্রিয়াটাও চিহ্নিত করেছি, অগ্রসর হচ্ছি। আমার বিশ্বাস— একটি ‘মাল্টি-মোডাল’ যোগাযোগ ব্যবস্থা যেটা বিশ্বে প্রতিষ্ঠিত এবং স্বীকৃত, সেটি হয়তো বাংলাদেশেও দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন হতে চলেছে এবং দৃশ্যমান হবে।’’
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে পাবনা সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল, জেলা প্রশাসক আমিনুল ইসলাম এবং পুলিশ সুপার সুফী উল্লাহসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









