এক উপজেলা থেকে অন্য উপজেলায় নেওয়ার পথে বগুড়ার সারিয়াকান্দিতে ২০ বস্তা ডিএপি সার জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় সার পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের জোরগাছা এলাকায় বাঙালি ব্রিজসংলগ্ন স্থানে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, গাবতলী উপজেলার পেরিরহাট থেকে একটি অটোভ্যানে ২০ বস্তা ডিএপি সার নিয়ে ধুনট উপজেলায় যাচ্ছিলেন এক চালক। পথে সারিয়াকান্দির জোরগাছা এলাকায় সন্দেহ হলে অটোভ্যানটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ভ্যানে থাকা ১ হাজার কেজি ডিএপি সার জব্দ করেন অভিযান সংশ্লিষ্টরা।
পরে জব্দ করা সার উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মিকাইল ইসলাম। এ সময় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(৩) ধারায় দোষী সাব্যস্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম মিকাইল ইসলাম বলেন, ‘‘জব্দ করা সার পরবর্তী সময়ে নিলামের মাধ্যমে কৃষকদের কাছে বিক্রি করা হবে। বিক্রিলব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। অবৈধভাবে সার মজুদ, পরিবহন কিংবা অতিরিক্ত দামে বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’
তিনি আরও বলেন, ‘‘সার বিপণন ও বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে এবং কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









