জামালপুরের বকশীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় আপন মিয়া (১৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা সাকিব হাসান নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
রবিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-রৌমারী সড়কের কামালপুরের মাঝগেদরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আপন মিয়া উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের যদুরচর গ্রামের ইয়াহিয়া মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আপন মিয়া যদুরচর গ্রামের মসজিদের ইমাম সাকিব হাসানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বকশীগঞ্জ শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে মাঝগেদরা এলাকার গামারের গাছ নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে আপন মিয়া ও সাকিব হাসান সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আপন মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাকিব হাসানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, এ ঘটনায় হাইওয়ে থানা পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









