মুম্বাইয়ে নিজের বাড়ির সামনে অনুরাগীদের সঙ্গে দেখা করার দীর্ঘদিনের রীতি রয়েছে অমিতাভ বচ্চনের। প্রতি রবিবারই বাড়ি জলসার বাইরে ভিড় জমান অনুরাগীরা। তাদের সঙ্গে দেখা করে হাত নাড়েন বলিউডের শাহেনশা।
তবে এ বার সেই চেনা ছবিতে যোগ হল বাড়তি নিরাপত্তার ব্যবস্থা। রবিবার বাড়ির বাইরে উঁচু মঞ্চে দাঁড়িয়ে অনুরাগীদের সঙ্গে দেখা করলেন অমিতাভ। তাকে ঘিরে রেখেছিল কাচের বুলেটপ্রুফ আবরণ।
প্রকাশ্যে আসা একটি ভিডিওতে দেখা গিয়েছে, মাটি থেকে উঁচু একটি মঞ্চে উঠে দাঁড়িয়েছেন অভিনেতা। মঞ্চের চারপাশে বসানো হয়েছে কাচের সুরক্ষাকবচ। সেটি বুলেটপ্রুফ বলে জানা গিয়েছে। সেই আবরণের ভিতরে দাঁড়িয়েই বাইরে অপেক্ষারত অনুরাগীদের দিকে হাত নাড়েন অমিতাভ। প্রিয় অভিনেতাকে এক ঝলক দেখতে বাড়ির সামনে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ।
এদিন বাবার সঙ্গেই ছিলেন ছেলে অভিষেক বচ্চন। অমিতাভের পিছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মুম্বাই পুলিশের কর্মীরাও। ভিড় সামলাতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।
সম্প্রতি অমিতাভের বাড়ি লক্ষ্য করে বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির তরফে একটি ই-মেল পাঠানোর খবর প্রকাশ্যে এসেছিল। জানা গিয়েছে, গত ২৩ অক্টোবর মুম্বই পুলিশের কাছে এই ই-মেল সম্পর্কে তথ্য আসে। দিলজীতের অনুষ্ঠানেও হামলা চালানোর হুমকি আসে। এর পরেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। সেই ঘটনার পরেই অমিতাভের বাড়ির বাইরে নিরাপত্তা আরও জোরদার করা হয় বলে জানা যায়।
অন্য দিকে, সম্প্রতি নিজের শারীরিক অবস্থা নিয়েও কিছু কথা বলেছিলেন অভিনেতা। নিয়মিত নিজের ব্লগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিষয়ে লেখেন তিনি।
কিছু দিন আগে জানিয়েছিলেন, চিকিৎসকেরা তাকে নিয়মিত কাজকর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে কিছুটা বিরতি নিয়ে পর্যাপ্ত বিশ্রাম করার পরামর্শ দিয়েছেন।
নিজের ব্লগে সুস্থ হয়ে ওঠার প্রসঙ্গে অমিতাভ লেখেন, “এখনও আরও বিশ্রাম প্রয়োজন। নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। ভাবছি, মানুষের শরীর কতটা বিচিত্র এবং প্রত্যেকের শরীরের গঠন কতটাই না আলাদা।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









