সিলেটের ৭০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো প্রকাশ্যে খোলা হলো হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স।
সোমবার (২২ জুন) দুপুর আড়াইটার দিকে জেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাজারের সিলগালা করা তিনটি বড় দানের ডেগের মুখ খোলা হয়।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে দানবাক্সের সিলগালা ভাঙা হয়। ঐতিহাসিক এই গণনা কার্যক্রমে অংশ নিয়েছেন শাহজালাল মাদরাসার শিক্ষার্থীরা। মাজারের ইতিহাসে এভাবে প্রকাশ্যে সাধারণ মানুষের সামনে দানের টাকা গণনার ঘটনা এটিই প্রথম। দুপুর থেকে মাজার প্রাঙ্গণ ও আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।
জেলা প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, গণনা শেষে মোট প্রাপ্ত অর্থের পরিমাণ আনুষ্ঠানিকভাবে জানানো হবে। পরবর্তীতে এই অর্থ কীভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা হবে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারণ করবে।
মাজার সংশ্লিষ্টরা জানান, হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারের দীর্ঘদিনের চেনা আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তার এই পদক্ষেপের পর দেশজুড়ে নানামুখী আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে।
এরই মধ্যে গতকাল রবিবার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। মাজারের দানবাক্সে হাত দেওয়ার পরপরই ডিসির এমন আকস্মিক প্রত্যাহারকে কেন্দ্র করে পক্ষে বিপক্ষে সিলেটজুড়ে আলোচনা-সমালোচনা চলছে।
এদিকে ডিসির প্রত্যাহারের খবরে সিলেটে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথ—সবখানেই চলছে আলোচনা-সমালোচনা।
সিলেটের বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনের ব্যানারে ডিসি সারওয়ার আলমকে সিলেটে বহাল রাখার দাবিতে বিক্ষোভ ও আন্দোলন কর্মসূচি পালিত হয়েছে।
আন্দোলনকারীদের দাবি, মাজারের অর্থ লোপাট বন্ধ ও স্বচ্ছতা নিশ্চিত করার কারণেই একটি প্রভাবশালী মহলের ইশারায় তাঁকে তড়িঘড়ি করে সরিয়ে দেওয়া হয়েছে।
সোমবার বিকেল পাঁচটায় শেষ খবর পাওয়া পর্যন্ত, মাজার প্রাঙ্গণে বিপুল সংখ্যক উৎসুক জনতার উপস্থিতিতে টাকা গণনার কাজ চলছিল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









