বান্দরবানের লামা উপজেলার নাজেরাম ত্রিপুরা পাড়ায় ভূমি বেদখল ও বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা।
আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টায় বান্দরবান শহরের রাজার মাঠ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বান্দরবান প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পাহাড়ি শিক্ষার্থীরাও অংশ নেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, "লামার নাজেরাম ত্রিপুরা পাড়ায় ভূমি দখল এবং বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখনও চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এলাকায় বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি হলেও স্থানীয় প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।"
বক্তারা অবিলম্বে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









