গাজীপুরের কাপাসিয়া উপজেলায় আইপিএসের বৈদ্যুতিক সংযোগের লাইন পরিবর্তনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী আল মাহিন হাসান (২২)।
মঙ্গলবার (২৩ জুন) ভোরে উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নায়ানগর গ্রামে নিজ বাড়িতে এই ঘটনা ঘটেছে।
পরিবার সূত্রে জানা যায়, আল মাহিন আইপিএসের সংযোগ নিয়ে কাজ করছিলেন। একপর্যায়ে তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আল মাহিন হাসান নায়ানগর গ্রামের মৃত মুক্তার হোসেনের ছেলে। তিনি উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও সহপাঠীদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।
সিংহশ্রী ইউনিয়ন পরিষদের সদস্য ও নিহতের চাচা মিজানুর রহমান জানান, সকালে আইপিএসের লাইনে কাজ করার সময় আল মাহিন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে সকাল ৭টার দিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তিনি আর বেঁচে নেই।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকও বিষয়টি নিশ্চিত করে জানান, কাপাসিয়া থেকে আল মাহিন হাসানকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









