সুনামগঞ্জের ছাতক থেকে সিলেটের কোম্পানীগঞ্জের পৃথক দুটি সেতুর সংযোগ সড়ক উচু করার দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের আপ্তরখাল সংলগ্ন সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তরা বলেন, প্রায় ৫২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ছাতক-কোম্পানীগঞ্জ সড়কে (গোয়ালগাঁও-আমবাড়ি সেতু) এবং প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন গনেশপুরে আপ্তরখাল সেতুর এ্যাপ্রোচ বা সংযোগ সড়ক নিচু করে নির্মাণ করা হচ্ছে। বর্তমান সময়েই সড়কের কিছু অংশ পানিতে তলিয়ে গেছে, বন্যা হলে বা বর্ষা মৌসুমের স্বাভাবিক পানি আরও ২ ফুট বাড়লেই সম্পূর্ণ সড়ক পানিতে তলিয়ে যাবে।
তারা আরও বলেন, যে কারণে প্রায় শত কোটি টাকার ২টি সেতু বর্ষা মৌসুমে অকেজো হয়ে পড়বে। তাই বর্ষা মৌসুমে যান চলাচল সচল রাখতে চাইলে প্রাক্কলন সংশোধন করে নির্মাণাধীন সংযোগ সড়ক বর্তমান লেভেল থেকে আরও অন্তত ২মিটার উঁচু করে নির্মাণের জন্য স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের কাছে এলাকাবাসী জোর দাবী জানানো হয়েছে।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আবুল হাসান, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, বিশিষ্ট সমাজ সেবক হাফিজ সোহেল আহমদ, ভিশন ওয়েল ফেয়ার সোসাইটির সেক্রেটারী ও সাংবাদিক মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল, ব্যবসায়ী ফরিদ আহমদ প্রমূখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









