শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘‘২০২৪ সালের জুলাই মাসে তৎকালীন ফ্যাসিস্ট সরকার যে বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটিয়েছিল তার বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে।’’
রবিবার (৫ জুলাই) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘‘২০২৪ সালের জুলাই মাসে তৎকালীন ফ্যাসিস্ট সরকার যে বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটিয়েছিল তার বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে। এ হত্যাকাণ্ডে যারা অভিযুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এমন ধ্বংসাত্মক ঘটনার কারণে পৃথিবীর বিভিন্ন দেশে রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে। বাংলাদেশে বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশি ক্ষমতাবলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ঝুঁকির মধ্যে ফেলায় দেশে তাদের রাজনীতি আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছে।’’
তিনি আরও জানান, বিদেশে থাকা এসব দুর্বৃত্তদের প্ররোচনায় পড়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা কোনো মানুষের জন্য বুদ্ধিমানের কাজ হবে না। বরং তাদেরকে দেশে যে সকল রাজনৈতিক দল আছে তাদের সঙ্গে কাজ করা বা নতুন রাজনৈতিক দল গঠন করে রাজনীতি করার পরামর্শ দেন প্রতিমন্ত্রী।
এ সময় তার স্ত্রী মারিযা আক্তারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তর প্রধান উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী বিভিন্ন দপ্তরের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদেরকে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









