সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে পরীক্ষা শেষে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় সাকিব আহমদ (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তার অপর দুই সহপাঠী গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রবিবার (৫ জুলাই) দুপুরে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নে রাধানগর-বাউরভাগ চা বাগান সড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত সাকিব আহমদ উপজেলার জাফলং নয়াবস্তি গ্রামের মহরম মিয়ার ছেলে।
এ ঘটনায় জাফলং ছৈলাখেল গ্রামের হাবিবুর রহমানের ছেলে রায়হান আহমেদ ওরফে রাহুল ও লাখেরপাড় গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে জয় গুরুতর আহত হয়। তাঁরা তিনজনই স্থানীয় আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী এবং একে অপরের সহপাঠী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চলমান পরীক্ষা শেষ করে তিন বন্ধু মিলে একটি পালসার মোটরসাইকেল নিয়ে জাফলং চা বাগান এলাকায় ঘুরতে যায়। ঘোরাঘুরি এক পর্যায়ে মোটরসাইকেলটি দ্রুতগতিতে থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাকিব আহমদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় বাকি দুইজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









