“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের খানসামায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, সম্মাননা প্রদান ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) খানসামার যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে এসে শেষ হয়। পরে সেখানে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু রাহাত সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকারের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন ও থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরনবী। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিআরডিবির সদস্য, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়নে পল্লী উন্নয়নের বিকল্প নেই। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, সমবায় কার্যক্রম সম্প্রসারণ, নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে সরকারি সংস্থা, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠান শেষে পল্লী উন্নয়নে শ্রেষ্ঠ সুফলভোগী স্বীকৃতি হিসেবে একজন নারী ও একজন পুরুষকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সদস্যদের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচিকে উৎসাহিত করতে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









