বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবি) কার্যালয়ের উদ্যোগে র্যালি, আলোচনা সভা এবং উপকারভোগীদের মাঝে ঋণ ও গাছের চারা বিতরণ করা হয়।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমজাদ হোসেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাফিজুল ইসলাম, বিআরডিবির চেয়ারম্যান আক্তারুজ্জামান এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এইচ. এম. শাহাদাতসহ অন্যান্য অতিথিরা।
বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পল্লী উন্নয়ন কার্যক্রমের বিকল্প নেই। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিআরডিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
অনুষ্ঠানের শেষে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ২০০টি গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া ম্যানেজার কমিশন ঋণের ১৯ জন, ক্ষুদ্রঋণের ৯ জন এবং এসএইম ঋণের ২ জন উপকারভোগীর হাতে ঋণের চেক তুলে দেওয়া হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









