গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) সকালে কারখানার একটি ফ্লোরে কর্মরত অবস্থায় শ্রমিকদের মধ্যে এই অসুস্থতার লক্ষণ দেখা দেয়। পরে তাঁদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, সকালে কাজ শুরুর পর একটি ফ্লোরের শ্রমিকদের মধ্যে একে একে বমি, মাথা ঘোরা ও শারীরিক দুর্বলতার উপসর্গ দেখা দেয়। মুহূর্তের মধ্যে অনেক শ্রমিক মেঝেতে লুটিয়ে পড়লে পুরো কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারখানার শ্রমিক জেসমিন আক্তার জানান, কিছুদিন আগে একই ফ্লোরে ছুটি না পেয়ে অসুস্থ অবস্থায় কাজ করতে গিয়ে লিজা বেগম নামে এক শ্রমিক মারা গিয়েছিলেন। এবারও সেই ফ্লোরেই এই গণ-অসুস্থতার ঘটনা ঘটল।
আলহেরা হাসপাতালের পরিচালক ডা. আবুল হোসাইন জানান, তাঁদের হাসপাতালে অর্ধশতাধিক শ্রমিক ভর্তি হয়েছেন এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁদের চিকিৎসা চলছে। আক্রান্তদের বেশির ভাগের মধ্যেই বমি ও মাথা ঘোরার উপসর্গ রয়েছে। তবে ঠিক কতজন শ্রমিক অসুস্থ হয়েছেন, সে বিষয়ে কারখানা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি। উল্টো ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়েন সাংবাদিকেরা। সাংবাদিক সবুজ মিয়া অভিযোগ করেন, কারখানার সামনে ছবি ও ভিডিও ধারণের সময় কর্তৃপক্ষ তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, "খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঁইয়া জানান, অসুস্থ শ্রমিকদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









