জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে নরসিংদীতে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে বেলুন উড়িয়ে ও আনন্দ র্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
দিবসটি উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পরিবেশ সুরক্ষার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. বদরুল হুদা।
আলোচনা সভায় বক্তারা বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্লাস্টিক বর্জন এবং পরিবেশবান্ধব জীবনধারা অনুসরণের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ পৃথিবী গড়ে তোলা এখন সময়ের দাবি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মুহাম্মদ শামসুজ্জামান, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এবং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ আর মামুন, সহকারী পরিচালক সমর দাস সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাবিদ, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা ।
দিনব্যাপী এই আয়োজনের শেষ পর্যায়ে পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় অংশ নিতে উপস্থিত সবার মাঝে গাছের চারা বিতরণ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









