টাঙ্গাইলে ‘অ্যান্ড অ্যাওয়ে’ লীগ পদ্ধতিতে শুরু হতে যাচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।
শনিবার(১১ জুলাই) বিকাল সাড়ে ৩টায় টুর্নামেন্টের উদ্বোধনের মধ্য দিয়ে নতুন রুপে হচ্ছে ঐতিহ্যবাহী জেলা প্রশাসক গোল্ডকাপ। এবারের জেলা প্রশাসক গোল্ডকাপে অংশগ্রহণ করছে ১২টি উপজেলার ফুটবল দল। যদিও টুর্নামেন্টের মান সর্বোচ্চ পর্যায়ে রাখতে প্রতিটি দলে অতিথি খেলোয়াড় হিসেবে ৫ জন করে বিদেশী ফুটবলার খেলার সুযোগ রাখা হয়েছে।
প্রথম লীগে শনিবার বিকাল ৩টায় উদ্বোধনী দিনে টাঙ্গাইল সদর বনাম বাসাইল উপজেলা মুখোমুখি হবে। একই দিন মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ মাঠে মধুপুর উপজেলা বনাম ঘাটাইল উপজেলা, গোপালপুর সুতী ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ধনবাড়ী বনাম গোপালপুর উপজেলা, ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজ মাঠে কালিহাতী বনাম ভূঞাপুর উপজেলা, নাগরপুর সরকারি কলেজ মাঠে দেলদুয়ার বনাম নাগরপুর উপজেলা এবং সখীপুর উপজেলা পরিষদ খেলার মাঠে মির্জাপুর বনাম সখীপুর উপজেলা মুখোমুখি হবে।
একই পদ্ধতির দ্বিতীয় লীগে সোমবার (১৩ জুলাই) ঘাটাইল জিবিজি কলেজ মাঠে ঘাটাইল বনাম মধুপুর উপজেলা, ধনবাড়ী সরকারি কলেজ মাঠে গোপালপুর বনাম ধনবাড়ী উপজেলা, কালিহাতী আরএস সরকারি পাইলট মডেল কলেজ মাঠে ভূঞাপুর বনাম কালিহাতী উপজেলা, বাসাইল উপজেলা মাঠে টাঙ্গাইল সদর বনাম বাসাইল উপজেলা, দেলদুয়ার উপজেলা স্টেডিয়ামে নাগরপুর বনাম দেলদুয়ার উপজেলা এবং মির্জাপুর মিনি স্টেডিয়ামে সখীপুর বনাম মির্জাপুর উপজেলা মুখোমুখি হবে।
টাঙ্গাইল স্টেডিয়ামে ১৯ জুলাই থেকে ১৫ জুলাই সুপার সিক্স পর্ব, একই মাঠে ২৮ ও ২৯ জুলাই সেমিফাইনাল এবং ১ আগস্ট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, টাঙ্গাইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ মানেই এক সময় বাংলাদেশের বিখ্যাত মোহামেডান-আবাহনীসহ নামীদামী ক্লাবের অংশগ্রহণ ছিল। তখন ক্রীড়ামোদী দর্শকে ভরপুর থাকতো টাঙ্গাইল স্টেডিয়াম- এ টুর্নামেন্টের ধারাবাহিকতা ক্রীড়াঙ্গণে ঐতিহ্য হয়ে ওঠেছিল।
১৯৮০ সালে তৎকালীন জেলা প্রশাসক মো. রেজাউল ইসলাম প্রথম টাঙ্গাইলে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ আয়োজন করে ক্রীড়াঙ্গনে নবজাগরণ সৃষ্টি করেন। সর্বশেষ ২০১৫ সালে এ টুর্নামেন্ট আয়োজন করা হয়। শেষ খেলায় টাঙ্গাইল ইয়ুথ ক্লাব চ্যাম্পিয়ন এবং ঢাকার বিজেএমসি রানার্সআপ হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









