নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল করে বাউন্ডারি দেয়াল নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেয়।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের কাজিরটেক এলাকায় এ ঘটনা ঘটে।
জমির মালিকানা দাবি করা আলী নেওয়াজ অভিযোগ করেন, বড় আমদিয়া মৌজায় তার বৈধভাবে কেনা ১৭ শতাংশ জমিতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ লোকজন নিয়ে জোরপূর্বক বাউন্ডারি দেয়াল নির্মাণের কাজ শুরু করেন। বিষয়টি জানাজানি হলে জমির দখল নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন।
তবে জমি দখলের অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদল নেতা সুলতান মাহমুদ। তিনি বলেন, ‘‘প্রায় ১০ বছর আগে হেলাল নামে এক ব্যক্তি জমিটি কিনলেও দীর্ঘদিন দখল বুঝে পাননি। আত্মীয়ের অনুরোধে তিনি কেবল জমি বুঝিয়ে দিতে সহযোগিতা করেছেন। অবৈধভাবে জমি দখলের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি।’’
অন্যদিকে জমির দাবিদার হেলাল জানান, তিনি বৈধভাবে জমিটি ক্রয় করেছেন। নিজের জমিতে বাউন্ডারি দেয়াল নির্মাণের উদ্দেশ্যেই তিনি সুলতান মাহমুদের সহযোগিতা নিয়েছেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম বলেন, ‘‘জমি নিয়ে বিরোধের কারণে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আপাতত সব ধরনের নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে। উভয় পক্ষের জমির কাগজপত্র যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কেউ পুলিশের সিদ্ধান্তে সন্তুষ্ট না হলে আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির সুযোগ রয়েছে।’’
পুলিশ জানিয়েছে, জমির মালিকানা ও দখল সংক্রান্ত কাগজপত্র যাচাই শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। ততক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট জমিতে কোনো ধরনের নির্মাণকাজ চালানো যাবে না।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









