নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক নূর নবী ভূঁইয়া এবং নিয়োগপ্রাপ্ত সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
রবিবার (১৯ জুলাই) বিকেলে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সাবেক প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার হস্তান্তর করেন।
এর মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রমে নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান, নারায়ণগঞ্জ জেলা সহকারীর পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছিরউদ্দিন বাচ্চুসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রশাসক নূর নবী ভূঁইয়া বলেন, ‘‘জনগণের সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদকে একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই হবে প্রধান লক্ষ্য। এজন্য ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সরেজমিনে গিয়ে নাগরিক সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।’’
তিনি আরও বলেন, ‘‘রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং নাগরিক সেবার গুণগত মান বৃদ্ধিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে জবাবদিহিতা, স্বচ্ছতা ও সেবার মান নিশ্চিত করতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে।’’
অনুষ্ঠানে বক্তারা নবনিযুক্ত প্রশাসক ও সদস্যদের শুভেচ্ছা জানিয়ে বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী সৎ, নিরপেক্ষ ও দায়িত্বশীলভাবে দায়িত্ব পালন করলে রূপগঞ্জ ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
অনুষ্ঠান শেষে নবনিযুক্ত প্রশাসক ও সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদের সফল দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









