মাদকমুক্ত রূপগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকদ্রব্য গ্রহণ ও সংরক্ষণের অভিযোগে ছয় ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার (১৯ জুলাই) রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে তাদের ২ থেকে ৬ মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।
আদালতের আদেশ অনুযায়ী দণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. সোহেল (৩০) ও মো. হাসান (৩২) প্রত্যেকে ৬ মাস, মো. সাদ্দাম (৩২) ৪ মাস, মো. শাজাহান (২৮) ৩ মাস এবং মো. জাহেদ মিয়া (২০) ও মো. মোস্তফা মিয়া (৪০) প্রত্যেকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে সোহেল চনপাড়া পুনর্বাসন কেন্দ্র, সাদ্দাম চানপাড়া পুনর্বাসন কেন্দ্র, জাহেদ মিয়া চারিতালুক (ভোলাব), মোস্তফা মিয়া আদলা (ভোলাব), হাসান বানিয়াদি (মকিমনগর), রূপগঞ্জের বাসিন্দা। অপরদিকে শাজাহানের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার কালিপুর এলাকায়।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি। মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত 'জিরো টলারেন্স' নীতির অংশ হিসেবে রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। মাদক ব্যবসা, সেবন ও সংরক্ষণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। মাদকমুক্ত রূপগঞ্জ গড়ে তুলতে প্রশাসনের এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিস্তার রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









