দিনাজপুরের পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাদ্দাম হোসেনের কাছে পার্বতীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৫৭ জন মাদক কারবারির মাদকদ্রব্য কেনাবেচা ও সেবন বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে পৌরবাসী।
রবিবার (১৯ জুলাই) সকাল ১১টায় পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কার্যালয়ে একটি স্মারকলিপি দেওয়া হয়। পরে, বেলা ১২টার দিকে পার্বতীপুর প্রেস ক্লাবে সাংবাদিকের সাথে এক মতবিনিময় করেন।
এ সময় সরকারপাড়া মহল্লার জাহিদুল ইসলাম, আব্দুল করিম, লিপি ও রাব্বী বলেন, ‘‘মাদকের সহজ লভ্যতার কারণে এলাকার যুবসমাজ আজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। এলাকায় প্রতিনিয়ত ঘটছে বসতবাড়ীর গরু-ছাগল, ভ্যান চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনা। এতে আমাদের জনজীবন চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। অভিভাবকগণ তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত শঙ্কিত।’’
এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, পুলিশ মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, প্রতিদিন মাদকবিরোধী অভিযান করা হচ্ছে। এতে মাদক কারবারি ও সেবনকারী গ্রেপ্তার হচ্ছে।
তিনি আরও বলেন,‘‘আজকে রবিবার ১ মাদক কারবারির দেড় বছরের কারাদণ্ড দিয়েছে আদালত এবং দুই মাদক সেবনকারীকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।’’
পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাদ্দাম হোসেন বলেন, ‘‘এ ব্যাপারে আজকে (রবিবার) পৌর এলাকাবাসীর দেয়া একটি স্মারকলিপি পেয়েছি। বিষয়টি গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোতে অভিযান পরিচালনা করা হবে। তাছাড়া উপজেলায় মাদকবিরোধ অভিযান অব্যাহত রয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









