কক্সবাজার শহরের কলাতলীর মেম্বারঘাটা সংলগ্ন একটি ছড়া থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৯ জুলাই) সকালে স্থানীয়রা ছড়ার পাশে মরদেহটি দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত যুবক সদরের বাংলা বাজার পশ্চিম মোক্তারকুল এলাকার বাসিন্দা নুরুল কবিরের বড় ছেলে সাকিব বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা শহিদুল ইমরান জানান, ‘রোববার সকাল প্রায় ৯টার দিকে এক নারী পরিত্যক্ত অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। নিহতের পরনে একটি লুঙ্গি ছিল এবং তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে বলে তিনি দাবি করেন।’
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, “মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









