মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত মুজিবুর রহমান মুজিবের পরিবারের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সরকারের আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে।
সোমবার (২০ জুলাই) বিকেলে মৌলভীবাজার ২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু নিহত মুজিবুর রহমানের বাড়িতে গিয়ে সরকারের পক্ষ থেকে ৫০ হাজার টাকার অনুদানের চেক পরিবারের হাতে তুলে দেন। এর আগে তিনি স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিহতের কবর জিয়ারত করেন।
জানা যায়, সম্প্রতি ভারতের সীমান্ত ঘেঁষা মনু নদীতে মাছ ধরতে গেলে বিএসএফের গুলিতে শরীফপুর ইউনিয়নের লাখাইরচর গ্রামের বাসিন্দা দিনমজুর মুজিবুর রহমান নিহত হন। তিনি দত্তগ্রাম এলাকার আজিজুর রহমান (অজিব)-এর ছেলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন মুজিবুর। তার মৃত্যুর পর স্ত্রী, দুই শিশু সন্তান ও বৃদ্ধ মাকে নিয়ে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়ে।
পরিবারটির দুর্দশার বিষয়টি স্থানীয় সংসদ সদস্য সরকারের উচ্চ পর্যায়ে অবগত করলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সরকারের মাধ্যমে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। এছাড়া স্পেন বিএনপির সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন এবং কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের সাবেক এজিএস শফি আহমদ দিনারের পক্ষ থেকে নগদ ১৪ হাজার টাকাও নিহতের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
এ সময় সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু বলেন, ‘‘পাশের দেশ আমাদের সঙ্গে সংযম বজায় রাখবে—এটাই আমরা প্রত্যাশা করি। সীমান্তে নিরীহ মানুষকে হত্যা কোনোভাবেই মানবিক নয়। আমরা ছোট দেশ হতে পারি, কিন্তু আমরা ঐক্যবদ্ধ। সরকার এবং বিএনপির নেতাকর্মীরা নিহত পরিবারের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।’’
আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদওয়ান খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, বিএনপি নেতা আলমগীর ভূইয়া, শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাওছার আহমদ নিপারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









