নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ চত্বরের কেন্দ্রীয় জামে মসজিদের দানবাক্সের তিনটি তালা ভেঙে টাকা চুরি করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সংরক্ষিত উপজেলা পরিষদ এলাকায় এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
মসজিদের মোয়াজ্জেম ইসরাইল হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে আসরের নামাজের পর দানবাক্সের কাছে গিয়ে তিনি তালা ভাঙা দেখতে পান। দানবাক্সের বাইরের দুটি ও ভেতরের একটি তালা ভেঙে সব টাকা-পয়সা নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে চুরি হওয়া টাকার পরিমাণ জানা যায়নি।
তিনি আরও জানান, সর্বশেষ গত ২৬ জুন দানবাক্সটি খোলা হয়েছিল। তখন প্রায় পাঁচ হাজার টাকা পাওয়া যায়। এরপর আর দানবাক্সটি খোলা হয়নি। বিষয়টি মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদককে জানানো হয়েছে।
কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা রিসোর্স সেন্টারের (ইউআরসি) ইন্সট্রাক্টর সরোয়ার মোরশেদ বলেন, ছুটির দিন হওয়ায় তিনি উপজেলা পরিষদে ছিলেন না। চুরির খবর পেয়ে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল ইসলাম জানান, বিষয়টি থানায় জানানো হয়েছে। উপজেলা পরিষদের সিসিটিভি ফুটেজ রয়েছে। পুলিশ এলে ফুটেজ দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্বে থাকা উপপরিদর্শক দোলা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









