জনগণের ভোটাধিকার নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের অঙ্গীকার করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, সরকার দিনের ভোট রাতে করতে চায় না এবং আগামী স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করলে দলীয় পরিচয় বিবেচনা না করে ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নবসৃষ্ট স্বর্ণগ্রাম ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, বেহেশতের লোভ দেখিয়ে মানুষকে ঠকানো হয়েছে। গত পূজায় যেভাবে ঢাকের তালে নাচলেন, এবার কেন গেলেন না? ভোটের মৌসুম শেষ হয়ে গেছে।
তিনি অভিযোগ করেন, ভোটের সময় জামায়াত নেতারা মানুষের কাছে যান, বেহেশতের প্রলোভন দেখান ও পূজামণ্ডপে উপস্থিত হন। কিন্তু ভোট শেষ হলে জনগণের খোঁজ রাখেন না। তারা মৌসুমি রাজনীতি করেন বলেও মন্তব্য করেন তিনি। এ সময় লং মার্চের নামে তেল-গ্যাস নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগও করেন প্রতিমন্ত্রী।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, জনগণ স্বাধীনভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। নির্বাচনে হট্টগোল বা বিশৃঙ্খলা করলে বিএনপির নেতা-কর্মীদেরও ছাড় দেওয়া হবে না। দলের সুনাম রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর অবস্থানে থাকবেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সক্রিয় থাকবে।
বিএনপি-সমর্থিত প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে তিনি বলেন, তারা নির্বাচিত হলে গ্রামাঞ্চলে উন্নয়ন কার্যক্রম বিস্তৃত করা সহজ হবে। বিএনপি সরকারের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, দেশের সব উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ, আগামী চার বছরের মধ্যে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা, কৃষকদের কৃষক কার্ড দেওয়া এবং ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতার ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করেই পাঁচ বছর পর জনগণের কাছে আবার ভোট চাইতে যাবেন বলে জানান তিনি।
আওয়ামী লীগের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের ভোটের প্রয়োজন ছিল না বলে তারা জনগণের কাছে যায়নি। বিএনপির ভোটের প্রয়োজন রয়েছে, তাই তারা মানুষের কাছে যাবেন, তাদের কথা শুনবেন এবং পাশে থাকবেন।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলামসহ স্থানীয় নেতারা।
সমাবেশ শেষে প্রতিমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচি এবং ময়লা পরিবহনের জন্য গার্বেজ ভ্যানের উদ্বোধন করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









