শুরুটা ছিল ধীরগতির। প্রথম ২৪ বলে রান মাত্র ১৩। তখন কে ভেবেছিল, সেই হ্যারি ব্রুকই পরে এমন ঝড় তুলবেন, যাতে একের পর এক রেকর্ড ভেঙে যাবে! শ্রীলঙ্কার বিপক্ষে রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ড অধিনায়কের ব্যাটে লেখা হলো ওয়ানডে ক্রিকেটের নতুন ইতিহাস। মাত্র ১১৪ বলে ডাবল সেঞ্চুরি করে এই সংস্করণের ৫৫ বছরের ইতিহাসে দ্রুততম দ্বিশতকের রেকর্ড গড়লেন তিনি।
ব্রুকের ২০০ রানের ইনিংসে ভর করে ৫০ ওভারে ৪ উইকেটে ৪২৯ রান তোলে ইংল্যান্ড। ওয়ানডেতে শ্রীলঙ্কার দেওয়া সর্বোচ্চ রান এটি। পাকিস্তানের মাটিতেও ওয়ানডেতে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
ব্রুকের ইনিংসে ছিল স্কুপ, রিভার্স স্কুপ, প্যাডল সুইপ আর দুর্দান্ত সব শটের প্রদর্শনী। জো রুটের সঙ্গে ১৫৯ এবং উইল জ্যাকসের সঙ্গে ১৮৫ রানের জুটি গড়েন তিনি। রুট করেন ৬৯ রান। জ্যাকসের ব্যাট থেকে আসে মাত্র ২৫ বলে ঝোড়ো ফিফটি।

ইনিংসের শেষ ওভারে প্যাডল সুইপে চার মেরে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন ব্রুক। শেষ বলে ক্যাচ দিয়ে ফেরার আগে নিজের নাম তুলে ফেলেন রেকর্ডের পাতায়। বেন স্টোকসের ১৮২ রান ছাড়িয়ে ইংল্যান্ডের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিকও হন তিনি।
এই কীর্তিতে ক্রিস গেইলের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে তিন সংস্করণে ‘৩-২-১’ অর্জন করলেন ব্রুক—টেস্টে ট্রিপল সেঞ্চুরি, ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি।
শুরুতে ছন্দ খুঁজে না পেলেও কামিন্দু মেন্ডিসের বলে পরপর দুটি ছক্কা মেরে খোলস ছেড়ে বেরিয়ে আসেন ইংল্যান্ড অধিনায়ক। এরপর শ্রীলঙ্কার বোলারদের আর স্বস্তি দেননি। আড়াই ঘণ্টার সেই ব্যাটিং শেষে ক্লান্ত ব্রুককে দাঁড়িয়ে অভিবাদন জানায় ইংল্যান্ডের সাজঘর।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









